জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

ইয়াসির আরাফাত , জাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৬, ০৭:৪৯ পিএম

জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

ফাইল ফটো

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘স্থানীয় কর্মকাণ্ড, বৈশ্বিক লক্ষ্য: পেশাদার সমাজকর্মের দৃষ্টিকোণ থেকে ইএসডিও-র অভিজ্ঞতা’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে একাডেমিক ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ চৌধুরী।

মূল প্রবন্ধে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পেশাদার সমাজকর্মের ভূমিকা, স্থানীয় জনগণের অংশগ্রহণ, সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার ও ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি স্বেচ্ছাসেবী উদ্যোগ থেকে ইএসডিও-এর যাত্রা এবং শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্থাটির কার্যক্রম তুলে ধরা হয়। প্রধান অতিথি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা প্রয়োজন। ব্যয়ভারসহ বাধ্যতামূলক ইন্টার্নশিপের ব্যবস্থা করা গেলে শিক্ষার্থীরা হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবে।’

জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, ‘গবেষণা ও উদ্ভাবনকে সমাজে কার্যকরভাবে প্রয়োগ করতে সামাজিক সম্পৃক্ততা প্রয়োজন। এ ক্ষেত্রে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, উন্নয়নকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!