রাজশাহী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি, ডিপার্টমেন্ট কমিটি এবং আবাসিক হোস্টেলগুলোর (ছাত্রাবাস ও ছাত্রীনিবাস) কমিটি গঠনে আগ্রহী ও পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রাশিকুজ্জামান প্রীতমের যৌথ সিদ্ধান্তে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে পদপ্রত্যাশীদের এক কপি পাসপোর্ট সাইজের ছবি, ব্যক্তিগত তথ্য, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার বিবরণ, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি এবং রাজশাহী কলেজে অধ্যয়নরত থাকার প্রত্যয়নপত্র জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি এলাকার নিকটতম রাজনৈতিক নেতৃত্ব কিংবা পারিবারিক রাজনৈতিক নেতৃত্বের পরিচয় ও যোগাযোগের নম্বরও জীবনবৃত্তান্তের সঙ্গে দিতে হবে।
আগ্রহীদের এসব তথ্যসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত খামে ভরে নির্ধারিত স্থানে জমা দিতে হবে। খামের ওপর প্রত্যাশিত বিভাগ অথবা হোস্টেলের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশিকুজ্জামান প্রীতম বলেন, ‘রাজশাহী কলেজ ছাত্রদলকে একটি শক্তিশালী, গতিশীল ও আদর্শিক ইউনিট হিসেবে গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ। নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থাকা যোগ্য ও ত্যাগী নেতৃত্ব নির্বাচন করতে চাই।’
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ ও ১৭ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত রাজশাহী কলেজের ‘রবীন্দ্র-নজরুল চত্বরে’ স্থাপিত নির্ধারিত বুথে সশরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। ছাত্রদল সূত্রে জানা গেছে, জীবনবৃত্তান্ত সংগ্রহের পর যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও সক্রিয় নেতাকর্মীদের বাছাই করা হবে। এরপর পর্যায়ক্রমে কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি, ডিপার্টমেন্ট কমিটি এবং আবাসিক হোস্টেলগুলোর নতুন কমিটি গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :