বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম জালাল উদ্দীন রুমি।
এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি শেখ মোজাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলীভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক সজলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, "বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদদের মধ্যে বেগম খালেদা জিয়া অন্যতম। জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি দলের নেতৃত্ব গ্রহণ করে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর ওপর বিগত ফ্যাসিস্ট সরকার যে ধরনের নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয়।"
ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, "দেশ ও জাতির স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনোই আপস করেননি। এ কারণেই তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে মানুষের কাছে পরিচিত। আওয়ামী লীগ সরকারের নানা ধরনের নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি। বরং দেশের জনগণের কথা চিন্তা করে তাদের পাশেই থেকেছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ জাতি দীর্ঘদিন স্মরণ করবে।"

আপনার মতামত লিখুন :