বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি, সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান। শনিবার (১৫ আগস্ট) তাঁর মনোনয়নের খবর প্রকাশের পর কেরানীগঞ্জ ও সাভারের আংশিক এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁরা এ সিদ্ধান্তকে স্বাগত জানান।
শনিবার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আমানউল্লাহ আমানসহ চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
আমানউল্লাহ আমানের এই অন্তর্ভুক্তির খবর কেরানীগঞ্জে পৌঁছানোর পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। কোথাও মিষ্টি বিতরণ, আবার কোথাও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁরা নিজেদের আনন্দ প্রকাশ করেন। কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোহাম্মদ শামিম হাসান বলেন, “আমানউল্লাহ আমান ভাইয়ের মতো একজন অভিজ্ঞ, ত্যাগী ও পরীক্ষিত নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে মনোনীত করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং গণমানুষের সঙ্গে সম্পৃক্ততা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “কেরানীগঞ্জের বিএনপি নেতাকর্মীদের জন্য আজকের দিনটি আনন্দের। আমরা বিশ্বাস করি, তিনি জাতীয় স্থায়ী কমিটিতে থেকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে স্থায়ী কমিটিতে ,ছাত্ররাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে উঠে আসা আমানউল্লাহ আমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। পরবর্তী সময়ে তিনি বিএনপির জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন এবং দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন আমানউল্লাহ আমান। বিএনপির আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিনের সম্পৃক্ততা, মাঠপর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করার সক্ষমতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে দলের রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের প্রভাব রয়েছে বর্তমানে ঢাকা-২ আসনের সংসদ সদস্য হিসেবে নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন তিনি। কেরানীগঞ্জ এবং সাভারের আংশিক এলাকায় বিএনপির রাজনীতিতেও তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক প্রভাব রয়েছে।
স্থানীয় রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে ,রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় স্থায়ী কমিটির মতো বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আমানউল্লাহ আমানের অন্তর্ভুক্তি কেরানীগঞ্জের স্থানীয় রাজনীতিতে তাঁর সাংগঠনিক ও রাজনৈতিক গুরুত্ব আরও বাড়াবে। দীর্ঘদিনের মাঠপর্যায়ের রাজনীতির অভিজ্ঞতার সঙ্গে দলের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে সরাসরি ভূমিকা রাখার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রের যোগাযোগও আরও কার্যকর হবে।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তাঁর নতুন দায়িত্বের ফলে কেরানীগঞ্জ ও সাভারের আংশিক এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে সক্রিয় থাকা নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো, তৃণমূলকে আরও সক্রিয় করা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্বের সক্ষমতা বাড়ার সুযোগ তৈরি হবে। বিশেষ করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক পুনর্বিন্যাসে তাঁর কেন্দ্রীয় ভূমিকা স্থানীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারবে বলে মনে করছেন দলটির অধিকাংশ নেতাকর্মীরা। তবে এর বাস্তব প্রভাব নির্ভর করবে স্থানীয় পর্যায়ে বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়, সাংগঠনিক শৃঙ্খলা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে তাঁর ভূমিকার ওপর।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, আমানউল্লাহ আমানের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তি শুধু তাঁর ব্যক্তিগত রাজনৈতিক অর্জন নয়; কেরানীগঞ্জের দলীয় রাজনীতির জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তাঁদের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি জাতীয় পর্যায়ে দলের নীতিনির্ধারণে ভূমিকা রাখার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত ও সক্রিয় করতে আরও কার্যকর ভূমিকা রাখবেন। ফলে আমানউল্লাহ আমানের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে কেরানীগঞ্জের বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ, নতুন উদ্দীপনা এবং সাংগঠনিক তৎপরতায় গতি আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :