ঘুমের মধ্যেই অভিনেত্রী অনন্যা রাজের জীবনাবসান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ১০:১৫ এএম

ঘুমের মধ্যেই অভিনেত্রী অনন্যা রাজের জীবনাবসান

ফাইল ফটো

মাত্র ২৭ বছর বয়সেই থেমে গেল ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজের জীবনযাত্রা। দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই মৃত্যু হয় এই অভিনেত্রীর।

অনন্যার মৃত্যুর খবর তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা এক বিবৃতিতে নিশ্চিত করেছে পরিবার। সেখানে জানানো হয়, এক বছরেরও বেশি সময় ধরে নানা ধরনের শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন অনন্যা। প্রতিকূলতার মধ্যেও তিনি সাহস ধরে রাখার চেষ্টা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।

মৃত্যুর খবর প্রকাশের পাশাপাশি অনন্যার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছে পরিবার। একই সঙ্গে এই শোকের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর ও নীরবতা সম্মান করার অনুরোধ জানানো হয়েছে। পরিবারের বরাতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেও একটি প্রতিবেদনে অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যার অভিনয়জীবনের শুরু বলিউড দিয়ে। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন তিনি। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’-এর মতো সিনেমায় দেখা গেছে তাকে।

শুধু সিনেমায় অভিনয় করেই থেমে থাকেননি অনন্যা। বিভিন্ন জনপ্রিয় সংগীতচিত্রেও তার উপস্থিতি নজর কেড়েছিল। একাধিক শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের ভিডিওতে কাজ করে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি।

বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও নিজের জায়গা তৈরি করেছিলেন অনন্যা। ২০২২ সালে মুক্তি পাওয়া তেলুগু রহস্যধর্মী সিনেমা ‘থাগ্গেদে লে’-তে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি রবি শঙ্করের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন।

‘মাদ্রাজি গ্যাং’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অনন্যা। সেখানে সারিতা চরিত্রে মুম্বাইয়ের বস্তিতে বেড়ে ওঠা এক নারীর ভূমিকায় দেখা যায় তাকে, যার জীবনে জড়িয়ে পড়ে এক গ্যাংস্টার।

ক্যারিয়ারের পথ তখনও খুব বেশি দূর এগোয়নি। এরই মধ্যে অনন্যার আকস্মিক মৃত্যু থামিয়ে দিল তার সম্ভাবনাময় যাত্রা। ২৭ বছর বয়সী এই অভিনেত্রীর চলে যাওয়ার খবরে শোক নেমে এসেছে পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে।

Link copied!