উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী, শুরু হলো রেজিস্ট্রেশন

সুশ্রী সরকার , রাজশাহী কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬, ০৫:৪৬ পিএম

উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী, শুরু হলো রেজিস্ট্রেশন

ফাইল ফটো

রাজশাহী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১ম পুনর্মিলনী উপলক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২ টায় রাজশাহী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনীর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু মো: ইউনুস আলী। সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শাহ মো: মাহাবুব আলম।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন পর বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একত্রিত করার এই উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য, বন্ধন ও স্মৃতিচারণের নতুন সুযোগ তৈরি করবে। পুনর্মিলনীর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলেও তারা আশা প্রকাশ করেন। আয়োজকরা জানান, রাজশাহী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে পুনর্মিলনী আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু হয়েছে। আয়োজকরা সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্তভাবে রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া প্রথমদিনই রেজিস্ট্রেশন-এ অভূতপূর্ব সাড়া পেয়েছে বলে জানান আয়োজকরা।

সিয়াম সরিষা
Link copied!