একাডেমিক অধিকার, মানসম্মত শিক্ষা ও আধুনিক উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে ১৩ দফা দাবি জানিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) শিক্ষার্থীরা। রোববার (২৩ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা কলেজ সংলগ্ন শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত নবপ্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক উৎকর্ষ, গবেষণা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা জরুরি। শুধু নতুন শিক্ষার্থী ভর্তি করলেই হবে না, বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের একাডেমিক অধিকার ও ভবিষ্যৎও নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে, ১. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপযোগী শিক্ষক নিয়োগের পাশাপাশি বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ নিশ্চিত করা। ২. ইতোমধ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের একাডেমিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা। গণস্বাক্ষরের ফল আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশ এবং ফল প্রকাশের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চলমান ব্যাচগুলোর অন্তর্ভুক্তির বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া। ৩. ডিজিটাল লার্নিং রিসোর্স, ই-জার্নাল, ই-বুক ও ডেটাবেসে সবার জন্য সমান অ্যাক্সেস নিশ্চিত করা। ৪. বিষয়ভিত্তিক প্রয়োজন অনুযায়ী বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পাঠদান ও শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ রাখা।
৫. বিজ্ঞান, প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিভাগগুলোর জন্য আধুনিক ল্যাবরেটরি সুবিধা নিশ্চিত করা। ৬. নিরাপদ, সাশ্রয়ী ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা চালু ও সম্প্রসারণ করা এবং দ্রুত প্রতিটি ক্যাম্পাসের জন্য দুটি করে বাস বরাদ্দ দেওয়া। ৭. ঢাকার বাইরের ও আবাসনহীন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও নিরাপদ আবাসন ব্যবস্থা করা। ৮. গবেষণাবান্ধব পরিবেশ ও অবকাঠামো গড়ে তুলে শিক্ষার্থী-শিক্ষকদের গবেষণায় অংশগ্রহণ বাড়ানো। ৯. শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণার জন্য নিয়মিত ও পর্যাপ্ত গবেষণা তহবিল চালু করা। ১০. বাস্তবসম্মত একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে সময়মতো ক্লাস, পরীক্ষা, ফল প্রকাশ ও অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পন্ন করা।
১১. ধারাবাহিক মূল্যায়ন ও মানোন্নয়নের জন্য কার্যকর ডুয়াল পরীক্ষা পদ্ধতি চালু এবং পরীক্ষার কাঠামো স্পষ্ট করা। ১২. ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সাতটি ক্যাম্পাসে যুগোপযোগী নতুন বিষয় সংযোজন করা। ১৩. সাতটি ক্যাম্পাসের দূরত্ব বিবেচনায় রাজধানীর উপযুক্ত স্থানে দ্রুত টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) নির্মাণের উদ্যোগ নেওয়া। পাশাপাশি টিএসসি কেন্দ্রিক খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্লাব ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সুযোগ নিশ্চিত করা। শিক্ষার্থীরা বলেন, আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে বর্তমান শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা করেন তারা।

আপনার মতামত লিখুন :