ওই জামা রংপুরে আমিসহ আরও ২০০ লোকের আছে’: পুলিশ কর্মকর্তা

মোঃ বেলায়েত হোসেন বাবু , ব্যুরো প্রধান রংপুর

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ১১:৩৩ এএম

ওই জামা রংপুরে আমিসহ আরও ২০০ লোকের আছে’: পুলিশ কর্মকর্তা

ফাইল ফটো

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আটক দুজনের একজনের পরনের শার্ট নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। শার্টটি রংপুর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর পরনের শার্টের সঙ্গে মিলে যায় এমন দাবি করে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে পুলিশ কর্মকর্তা বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন। রংপুর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, “ওই জামা রংপুরে আমিসহ আরও ২০০ লোকের আছে। আমার শার্ট আমারই আছে। এ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।”

রংপুর ডিবি পুলিশ জানিয়েছে, আটকের পর দুই সন্দেহভাজনকে পুলিশের কার্যালয়ে আনা হলে তাদের ছবি তোলা হয়। এদিকে ঘটনার সময় ঘটনাস্থলে সনাতন চক্রবর্তীর একই ধরনের একটি শার্ট পরা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক দুজনই রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই রাতে নিহতদের সৎকারও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গণপতি চক্রবর্তীর পরিবারের সদস্যরা।

এদিকে নিহতদের ময়নাতদন্তকারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. বাবলু কিশোর বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিকভাবে তাদের কাছে মনে হয়েছে, গণপতি চক্রবর্তীসহ চারজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রংপুর ডিবির উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পুরো বিষয়টি তারা উদঘাটন করে গুছিয়ে এনেছেন। খুব দ্রুত আদালতে এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে বলেও জানান তিনি।

যেভাবে ঘটনার সূত্রপাত;গত শনিবার রাতে রংপুর নগরের দাসপাড়া-মাছুয়াপাড়া এলাকা থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়। পুলিশের দাবি, ওই দুই ব্যক্তি গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, কন্যা ও পুত্রকে একে একে হত্যা করেছেন। আটক দুজনের একজনের পরনের শার্ট এবং পুলিশের এক কর্মকর্তার পরনের শার্টের মিল নিয়ে সামাজিক মাধ্যমে যে আলোচনা তৈরি হয়েছে, সেটিকে গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি পুলিশ কর্মকর্তার বক্তব্যও সামনে এসেছে। এখন মামলার তদন্ত, আদালতে দেওয়া জবানবন্দি এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার দিকেই নজর রয়েছে।

সিয়াম সরিষা
Link copied!