খাদ্যশস্যের মজুত পরিস্থিতি, সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে ঢাকার ধামরাই উপজেলা খাদ্য গোডাউন পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার (৩০ আগস্ট) সকালে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি ধামরাই উপজেলা খাদ্য গোডাউনে পৌঁছালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এবং ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী গোডাউনের বিভিন্ন গুদামকক্ষ ঘুরে দেখেন। তিনি সেখানে সংরক্ষিত চাল ও গমের মজুত, বস্তার মান এবং গুদামঘরের অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় খাদ্যশস্যের গুণগত মান বজায় রাখা এবং সঠিকভাবে সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রমের সুফল যেন প্রকৃত উপকারভোগী ও সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, স্থানীয় খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে খাদ্যমন্ত্রী খাদ্য গোডাউনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :