ইয়াছিন ইসলাম হৃদয় , চন্দনাইশ : উচ্চ আদালতের নির্দেশনা ও আইনি তোয়াক্কা না করে, অবৈধ লেনদেনের মাধ্যমে বিরোধপূর্ণ জমির নামজারি সম্পন্ন করার অভিযোগ উঠেছে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে। তাঁর এই স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে সংক্ষুব্ধ পরিবারের পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট সংলগ্ন ‘নোঙ্গর রেস্তোরাঁয়’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংক্ষুব্ধ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ সলিমুল্লাহ।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং উচ্চ আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা ও নির্দেশনা রয়েছে। অথচ এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা সমস্ত আইনি প্রক্রিয়া এবং আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোটা অঙ্কের অবৈধ লেনদেনের মাধ্যমে ওই জমির একপাক্ষিক নামজারি সম্পন্ন করে দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সাধারণ মানুষকে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। ক্ষমতার অপব্যবহার করে এমন অনিয়ম চলতে থাকলে এলাকার সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এই জালিয়াতির মাধ্যমে করা নামজারি অবিলম্বে বাতিল এবং সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :