গজারিয়া একতা ক্লাবের উদ্যোগে শত শিক্ষার্থীর মাঝে বৃক্ষের চারা বিতরণ

মোঃ রেজাউল হক শাকিল , ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬, ০৬:৫০ পিএম

গজারিয়া একতা ক্লাবের উদ্যোগে শত শিক্ষার্থীর মাঝে বৃক্ষের চারা বিতরণ

ফাইল ফটো

বিদ্যালয়ের মাঠে বৃত্তাকারে দাঁড়িয়ে শতাধিক শিক্ষার্থী। প্রত্যেকের হাতে একটি করে ফলদ ও ঔষধি গাছের চারা। মুহূর্তেই যেন সবুজের সমারোহে বদলে যায় বিদ্যালয় প্রাঙ্গণ। পরিবেশ রক্ষার এমন ব্যতিক্রমী আয়োজন দেখা গেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ছোট নাগাইশ আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ে। ‘এসো অক্সিজেনের চাষ করি’ এই আহ্বান এবং ‘একজন বন্ধু, দুটি গাছ’ স্লোগানকে সামনে রেখে গজারিয়া একতা ক্লাবের উদ্যোগে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১০০ শিক্ষার্থীর মধ্যে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন ক্লাবের সদস্য ও অতিথিরা।

ক্লাব সূত্রে জানা যায়, সদস্যদের টিফিনের টাকা জমিয়ে এসব চারা সংগ্রহ করা হয়েছে। উপজেলা নার্সারি থেকে সংগ্রহ করা চারার মধ্যে রয়েছে জলপাই, জাম, পেয়ারা, অর্জুন, হরতকী, কাঁঠাল, মেহগনি, আকাশমণি, কাজুবাদাম, চালতা ও মহুয়া। চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ মোরশেদ আলম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া চারাগুলো বাড়িতে সঠিকভাবে রোপণ করে নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান।

গজারিয়া একতা ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফ খান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য ইয়াসিন ও মাফুস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া একতা ক্লাবের উপদেষ্টা ও বিটিসিএলের উপসহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান সরকার কাউছার, বিদ্যালয়ের পরিচালক মো. শাহ আলম, প্রধান শিক্ষক মোসা. রোকসানা আক্তার, সহকারী শিক্ষক ঈসমাইল সাহদী, সুমন মিয়া, শিমা আক্তার, জেমি আক্তার ও তমা সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে অতিথি ও ক্লাবের সদস্যরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি, বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

সিয়াম সরিষা
Link copied!