নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

আতিকুর রহমান , ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০২:৫১ পিএম

নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।  এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট ) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জালিয়াছড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-১৫।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল জানতে পারে, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জালিয়াছড়ি এলাকার জাহাঙ্গীর আলমের বসতবাড়িতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য মজুদ করা হয়েছে। এর ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির উঠানের পাশে মাটির নিচে বিশেষভাবে বস্তাবন্দি অবস্থায় লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পায় র‌্যাব। সেখান থেকে ১০টি বান্ডেলে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডেলে ছিল ১০ হাজার পিস করে ইয়াবা। এ সময় মাদক পরিবহন ও যোগাযোগে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম (৪২) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জালিয়াছড়ি এলাকার আলী আহমদ ও গুলবাহারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে কৌশলে মাদক সংগ্রহ করে বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বিক্রি ও সরবরাহ করে আসার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।র‌্যাব-১৫ জানিয়েছে, মাদকের ভয়াবহতা রোধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

সিয়াম সরিষা
Link copied!