মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
মো: ইসমাইল, পানছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে সীমান্ত সড়কের সরকারি কালভার্ট ও ব্রিজ ভেঙে রড চুরির অভিযোগে প্রাথমিকভাবে ৭৫৫ কেজি লোহা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি), খাগড়াছড়ি।
গত মার্চ মাসে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সরকারি পরিত্যক্ত দুটি আরসিসি ব্রিজ (সেতু) ও একটি কালভার্ট ভেঙে রড খুলে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা। রড চুরি হয়ে যাওয়া ব্রিজ দুটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এবং কালভার্টটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের। এ ঘটনায় সে সময় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পানছড়ি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। পরে আদালত মামলাটির দায়িত্বভার প্রদান করেন খাগড়াছড়ি ডিবি’কে।
খাগড়াছড়ি ডিবি পরিদর্শক মোঃ শামসুজ্জামান ও পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে মামলাটি নিয়ে কাজ শুরু করে একটি দল। অবশেষে দলটি বুধবার (২৬ এপ্রিল) প্রাথমিকভাবে সফলতা অর্জন করেন।
ডিবি পরিদর্শক মোঃ শামসুজ্জামান জানান, মামলাটির দায়িত্বভার হাতে পাওয়ার পর বিভিন্ন ভাবে তদন্ত শুরু করি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি টিএন্ডটি এলাকার নাজমুলের বসত ঘরের পিছন থেকে ৫৮ পিচ বিভিন্ন সাইজের রড উদ্ধার করতে সক্ষম হই। রডগুলো বর্তমানে পানছড়ি থানা হেফাজতে আছে। তদন্ত অব্যাহত রয়েছে। স্বাক্ষী প্রমান সবকিছু হাতে এলেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।