মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
ইয়াছমিন মুন্নী, কক্সবাজার: কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহেল রানা নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। রোববার (৩০ এপ্রিল) রাত বারোটার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছে ছিনতাইকারী। এতে ওই পুলিশ কর্মকর্তা পেটে মারাত্মক আঘাত পান।
পুলিশ জানায়, রোববার রাত বারেটার দিকে কক্সবাজার শহরের কলাতলি সড়কের হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইনের পাশের সড়কে একা টহলে ছিলেন শহর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা।
এসময় সড়কের পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকা তিন যুবককে সন্দেহ হলে তাদের পরিচয় জানতে চান সোহেল রানা। তাদের অসংলগ্ন কথাবার্তা শুনে সন্দেহ হলে তিনি ওই তিন যুবকের শরীর তল্লাশি করেন।
এসময় তাদের একজন পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। সেখান থেকে দুইজন পালিয়ে গেলেও ছুরিকাঘাত করা যুবককে ধরে ফেলেন এসআই সোহেল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক পুলিশের একটি টিম গিয়ে সোহেল রানাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই ছুরিকাঘাতকারী ছিনতাইকারী মুন্নাকে আটক করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে আরো দুজনকে আটক করা হয়। ছিনতাইকারী মিসবাউল হক মুন্নার বাড়ি কক্সবাজার শহরের টেকপাড়ায়।
এর আগে ২০১৫ সালের ২৩ জুলাই কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পারভেজ নামে ট্যুরিস্ট পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছিলেন।