সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি অস্ত্র, কার্তুজ ও চাপাতিসহ তিন ডাকাত গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে রাউজান উপজেলার কদলপর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ঈশানভট্টেরহাট-খামার বাড়ি সংযোগ সড়কে অস্ত্র সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন- কদলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উত্তর শমসের পাড়ার প্রয়াত নুরুল আমীনের ছেলে মো. ইলিয়াছ ওরফে ধামা ইলিয়াছ (৪৬), একই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আমীর পাড়ার আবদুস ছালামের ছেলে আনোয়ার হোসেন বাচলু ওরফে বাচুল্ল্যা (৩৭) ও রাউজান সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নাতোয়ান বাগিছা এলাকার দিদারুল আলমের ছেলে কামরুল হাসান সাকিল (২১)। পুলিশের দাবি, তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি), তিন রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, একটি কিরিচ, একটি ছোড়া, একটি শাবল ও একটি লোহা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, ইলিয়াছ ও বাচলু তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

ধামা ইলিয়াছের বিরুদ্ধে রাউজান থানাসহ বিভিন্ন থাকায় হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ ৭টি মামলা রয়েছে, ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। অন্যদিকে আনোয়ার হোসেন বাচলুর বিরুদ্ধে রাউজান থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকান্ডের ৬টি মামলা রয়েছে। কামরুল হাসান সাকিল মাদকসহ দুটি মামলার আসামী। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ইলিয়াছ ওরফে ধামা ইলিয়াছসহ তিনজনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় ডাকাত দলের আরও ৮ থেকে ৯ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |