বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আলমপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় আবু হানিফ (৩৫) নামে স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
গত শুক্রবার (২১ জুলাই) বিকালে মহেশপুরের ৪নং আলমপুর গ্রামের স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মতিয়ার রহমান (৩৫), সাইফুল (২৭), শরিফুল (৫০) ও আতিয়ার রহমান (৩০)। আহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকালে মহেশপুরের ৪নং আলমপুর গ্রামের স্কুল মাঠে ব্যবসায়ী বনাম কৃষকরা মিলে প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। খেলার শেষের দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে খেলোয়াড়সহ উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোটা, রড, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের নিয়ে চিকিৎসা করাতে ওয়ার্ড যুবলীগ সভাপতি আবু হানিফ হাসপাতালে রওনা হন। এ সময় ইউপি সদস্য আব্দুল মালেক আহতদের হাসপাতালে নিয়ে যেতে বাধা দেন। বাধা উপেক্ষা করে হাসপাতালের পথে রওনা হতে চাইলে আব্দুল মালেকের নেতৃত্বে তার লোকজন আবু হানিফকে পিটিয়ে হত্যা করে।
স্থানীয়রা আবু হানিফসহ আহতদের কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রমিজ উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। আবু হানিফ আজমপুর ইউনিয়নের ৬নং আলমপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষায় শুক্রবার রাতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
কোটচাঁদপুর মডেল থানার ওসি মঈন উদ্দিন বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মহেশপুর থানার ওসি শামীম উদ্দিন বলেন, জামাল নামে এক আসামিকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।