মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

উখিয়ায় দুর্বৃত্তের হামলায় আরসা সদস্য নিহত

উখিয়ায় দুর্বৃত্তের হামলায় আরসা সদস্য নিহত

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে এক আরসা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুখালীস্থ ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মুফতি জামাল (৫৫)। তিনি ওই ক্যাম্পের নজির আহমেদের ছেলে। ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

মো. আমির জাফর বলেন, মুফতি জামাল সকালে বাজার করার সময় অজ্ঞাতনামা ৩-৪ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তারা জামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে পুলিশের সহায়তায় ১২ নম্বর ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তিনি আগে আরসার সক্রিয় সদস্য ছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বর্তমানে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে মুফতি জামালকে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |