মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
এম, দলিলুর রহমান, লোহাগাড়া – সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং মাদ্রাসায় একযোগে ইউএনও শরীফ উল্যাহ’র উদ্যোগে “MoV Test-23” এর ১ম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর বুধবার পরীক্ষায় সমগ্র উপজেলার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় ৩২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। স্ব-স্ব বিদ্যালয়ে এই পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরীক্ষাটি মূলত ইংরেজি ভোকাবুলারির উপর হয়ে থাকে। এভরিডে ফাইভ ওয়ার্ডস নামে একটি ওয়্যাটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ইউএনও প্রতিদিন নতুন পাঁচটি করে ইংরেজি শব্দার্থ সরবরাহ করেন। পরে সেগুলো শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়। শিক্ষার্থীরা বিপুল আগ্রহ ও উৎসাহসহকারে সেগুলো আয়ত্ত করে থাকে। শিক্ষার্থীদেরকে এ বিষয়ে ব্যাপকভাবে উদ্ভুদ্ধ করতে ইউএনও শরীফ উল্যাহ একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে উপস্থিত প্রতিযোগিতা আয়োজন করে বিজয়ীদেরকে ‘উইনার্স ব্যাগ’ প্রদান করে পুরস্কৃত করে থাকেন।
আর ভুকাবুলারি শেখায় শিক্ষার্থীদের বড় পরিসরে পুরস্কৃত করার জন্য তিনি আয়োজন করে থাকেন ‘মভ টেস্ট’। সম্প্রতি ২০২৩ সালে নতুন ৪০০ টি ইংরেজি শব্দার্থ সরবরাহ করা হয়েছে। ইতোপূর্বে ২০২২ সালে ৩০০ টি শব্দার্থ সরবরাহ করা হয়েছিল। চূড়ান্ত পর্বের পরীক্ষা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। এ বছর ১ম পর্বের পরীক্ষা শেষে ২য় ও ৩য় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারপর চূড়ান্তভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে মর্মে জানা যায়।
ইউএনও শরীফ উল্যাহ জানান, মূলত শিক্ষার্থীদের ইংরেজি শব্দভাণ্ডার আয়ত্ত করার মাধ্যমে ইংরেজিতে তাদেরকে সাহসী, আত্মবিশ্বাসী ও দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই Every Day Five Words ও Mov Test এর আয়োজন করা হয়েছে। আমি বিশ্বাস করি, এই উদ্যোগের সুফল শীঘ্রই আমরা দেখতে পাবো। উল্লেখ্য যে প্রথম বারের অংশগ্রহণ করেছে বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৬৭ জন শিক্ষার্থী, তারা এই পরীক্ষায় অংশ গ্রহন করতে পেরে আনন্দ প্রকাশ করেছে, অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও অভিভাকরা এই পরীক্ষা আয়োজন করে শিক্ষার্থীদের সাহস বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য আয়োজক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয়ের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
ইউএনও শরীফ উল্যাহ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস কে সামশুল আলমসহ স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আগামী ১৯ অক্টোবর এই পরীক্ষা ২য় পর্বে অনুষ্ঠিত হবে বলেও জানান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ।