মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট: জয়পুরহাটে আট বছরের শিশু সন্তানকে হত্যা মামলার রায়ে বাবা নজরুল ইসলাম লিটনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ডও করা হয়।
সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ।
জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি (পিপি) এ্যাডঃ নৃপেন্দ্র নাথ মন্ডল জানান, দন্ডপ্রাপ্ত নজরুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার রাজনগর আদর্শগ্রামের নিজাম উদ্দীনের ছেলে। সে জামিনে গিয়ে পলাতক রয়েছে।
আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল মামলার বিবরণে আরও জানান, ২০১০ সালের ১১ নভেম্বর সকালে নজরুল ইসলাম লিটন তার আট বছরের শিশু পুত্র রানাকে কাজ করতে বললে সে অপারগতা প্রকাশ করে। এ সময় লিটন ক্ষিপ্ত হয়ে তার পুত্রকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশু পুত্র রানা ।
এরপর রানাকে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা করা হয়। রানার অবস্থা আরও অবনতি হলে পরের দিন ১৩ নভেম্বর তাকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ায় পথে মারা যায়।
এ ঘটনায় শিশুটির মা বুলি আরা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত সোমবার দুপুরে ছেলে রানাকে হত্যার দায়ে পিতা লিটনকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে এ রায় প্রদান করেন।