মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
জাকির মড়ল, শ্রীপুর প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছেন শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের কাচারীপাড়া দাখিল মাদ্রাসা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন, ধনুয়া গ্রামের আব্দুল মান্নান মানিক (৩০), মো. মেজবাহ উদ্দিন (৩০), মোকলেছুর রহমান (২৮) তুহিন (২৪), আবুল হাসেম (৪০) আহসান হাবিব আসু (৫০), ফারুক (৩৮), ফাইজুদ্দিন (৫২) মাজেদা (৪৩)। তাঁদের মধ্যে আব্দুল মান্নান মানিক, আবুল হাসেম, তুহিন ও আসুর অবস্থা আশঙ্কাজনক।মোঃ মেজবাহ উদ্দিন বলেন, ‘দীর্ঘ দিন যাবৎ আমরা স্থানীয় কয়েকজন মিলে একটি কারখানায় নির্মাণ সামগ্রীসহ লেবার সরবরাহ করে আসছি। শুক্রবার রাতে ব্যবসায়ী সংক্রান্ত আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে।
এ সময় আমাদের প্রতিপক্ষ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে। তাতে আমাদের ব্যবসায়ী সহযোগী মানিক ও তুহিন গুরুতর আহত হয়েছেন।’মানিকের চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন।অপর পক্ষের আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘অভিযুক্তরা দীর্ঘ দিন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা পোষণ করে আসছে । এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে মাদ্রাসা মার্কেট পৌঁছানো মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে মেজবাউদ্দীন গং আমার এবং আমার লোকজনের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। তাতে আমি, আমার ছোট ভাই আহসান হাবিব আসু-সহ বেশ কয়েকজন আহত হয়েছি।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিজন কুমার বলেন, মারধরের ঘটনায় আহত বেশ কয়েকজনকে তাঁদের স্বজনেরা হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম , ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে উভয় পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের মামলা চলমান রয়েছে।