মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
হুমায়ুন আহমেদ: ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ২৩-১৭০২) জব্দ করা হয়।
শনিবার (১১মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় শুক্রবার (১০মে) গভীর রাতে ভালুকা মডেল থানার এস আই মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ভান্ডাব এলাকায় এসএনএস সিএনজি পাম্পের পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ভালুকা উপজেলার মেদুয়ারি গ্রামের আ: সালামের ছেলে কাইয়ুম (৩০), বর্তা গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে শান্ত মিয়া (২৫) ও বিরুনিয়া গ্রামের মৃত এলাহী শেখের ছেলে আল আমিন শেখ (২৬)। এরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ এলাকায় চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধের সাথে জড়িত।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, আটককৃতদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সহ একাধিক মামলা রয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, যোগ করেন তিনি।