মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

আনন্দ মিছিলে প্রকাশ্যে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত

আনন্দ মিছিলে প্রকাশ্যে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনের বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে আয়াশ রহমান এজাজ (২৩) নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর শহরের কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। নিহত এজাজ কলেজপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহতের স্বজনরা জানান, মিশন প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বিজয়ী হয়। এতে ক্ষুব্ধ হন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল উদ্দিন খোকা।
পরে ওই এলাকা থেকে আনারস প্রতীকের বিজয় মিছিল বের হলে জালাল উদ্দিন খোকাসহ তার অনুসারী হাসান আল ফারাবী জয়সহ আরো কয়েকজন মোটারসাইকেলে করে এসে হামলা চালায়। এ সময় জয় এজাজের মাথায় গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসাইন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |