মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
চয়ন আহমেদ, কুষ্টিয়া : কুষ্টিয়ায় শীতের তীব্রতা বাড়ায়,জমে উঠেছে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলো। নিম্ন আয়ের মানুষসহ সব ধরনের ক্রেতাদের গরম কাপড়ের চাহিদাও বেড়েছে। ফুটপাতের এই দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষসহ সব ধরনের ক্রেতাদের ভিড় দেখা গেছে চোখে পড়ার মত। ক্রেতারা গরম কাপড় সংগ্রহে ভীড় করছে ফুটপাত, ছোট বড় দোকানসহ শপিংমলে। বিশেষ করে ভীড় বাড়ছে ফুটপাতের দোকান গুলোতে।
জেলার হাট-বাজারের গার্মেন্টস দোকানগুলোতে কাপড়ের দাম বেশি। তাই নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা কম মূল্যের কাপড় কিনতে ভীড় জমাচ্ছে ফুটপাতের দোকানগুলোতে। দিন যতই যাচ্ছে ততই শীতের তীব্রতা বাড়ছে। শীত থেকে রেহাই পেতে বয়োবৃদ্ধ সকলেই কাপড় কিনছে। শীতের কারণে ব্যাপক চাহিদা বেড়েছে গরম কাপড়ের। এ জন্য দোকানীরা কম মূল্যের কাপড়ের পসরা বসিয়েছে ফুটপাতে। দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড় হাট কুষ্টিয়ার পোড়াদহ বাজার। বৃহত্তম এই কাপড়ের হাটে আগাম শীতের ভাব দেখেই ব্যবসায়ীরা শীতের কাপড় উঠাতে শুরু করেছে। বিক্রিও হচ্ছে ভালো। ক্রেতা – বিক্রেতাই জমে উঠেছে কাপড় হাট।
ফুটপাতে শীতের গরম কাপড় কিনতে আসা রিকশা চালক হায়দার আলী জানান, তিনি রিকশা চালিয়ে সংসার চালান। শীত বাড়ার কারণে গরম কাপড় ছাড়া রিক্সা চালানো সম্ভব হচ্ছেনা। তাই কাপড় কিনতে ফুটপাতের দোকানে এসেছেন।
আরেক ক্রেতা রফিক বলেন, সারাদিন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে কোনোরকমে সংসার চলে। শীত বেড়ে গেছে সাথে শীতের কাপড়ের অনেক দাম বেড়ে গেছে, দোকান শপিংমলে গিয়ে কেনা সম্ভব নয়। তাই ফুটপাতে এসেছেন শীতের কাপড় কিনতে।
শীতের কাপড় বিক্রেতা সেলিম উদ্দিন জানান, শীত যত বাড়ছে, বিক্রিও বাড়ছে। ফুটপাতে কাপড়ের দাম কম হওয়ায় এখানে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতা বেশী। ৫০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে শীতের গরম কাপড়। দেখে শুনে বেছে বুছে ক্রেতারা কিনছে শীতের পোশাক।
কুষ্টিয়া এন এস রোডের ভ্যানের উপর, কোর্ট স্টেশন, কুষ্টিয়া হাইস্কুলের সামনে, পাবলিক লাইব্রেরির সামনে, বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে, ঘোড়ারঘাট, বড় বাজার রেলগেট ও বড় রেলস্টেশনের ফুটপাতে সকাল থেকে গভীররাত পর্যন্ত চলছে শীতের কাপড়ের বেচাকেনা।
এসব কাপড় ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম থেকে আমদানী করেন বলে জানিয়েছেন। শীত বাড়ার সাথে সাথে ব্যবসা জমে উঠায় এ ব্যবসাকে কেন্দ্র করে একদিকে ক্রেতারা যেমন লাভবান হচ্ছে অন্যদিকে ব্যবসায়ীরাও সংসারে সচ্ছলতা আনছে।