চয়ন আহমেদ, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানে পালাতে গিয়ে জাসদ নেতার ভাই রফিকুল ইসলাম দুদুর(৩৫) মৃত্যু হয়েছে। সে চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের ছোট ভাই এবং ওই এলাকার আজিজ মন্ডলের পুত্র।
এঘটনায় ৩ পুলিশকে বেধড়ক পিটিয়ে জাসদ অফিসে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় জনতা ও জাসদ নেতাকর্মীরা। পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের একটি মোটরসাইকেল।
গতকাল ১৩ই ডিসেম্বর (শুক্রবার) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১০টা পর্যন্ত পুলিশ এবং বিজিবি অভিযান চালিয়েও অবরুদ্ধ পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করতে পারেনি।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তার জন্য ভেড়ামারা থানার প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, দুদু চাঁদগ্রাম ৪ নং ব্রীজের সন্নিকটে একটি চায়ের দোকানদারী করার পাশাপাশি গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভেড়ামারা থানা পুলিশের এস আই সালাউদ্দীন সঙ্গীয় র্ফোস সহ অভিযান চালায়। মাদক, ট্যাপেন্ডলসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশ। এসময় পুলিশের হাত থেকে বাঁচতে সে ব্রীজ থেকে লাফ দেয়। পুলিশ সেখানে ধাওয়া করে তাকে আটক করে। এসময় ধস্তাধস্তার এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
অপরদিকে তার আত্মীয়-স্বজন ও বিক্ষুদ্ধ জাসদ নেতাকর্মীরা পুলিশের অত্যাচারের কারনেই তার মৃত্যু হয়েছে অভিযোগ এনে পুলিশকে ধাওয়া দেয়। ৩ জন পুলিশ সদস্যকে ধরে বেধড়ক পিটিয়ে জাসদ অফিসে আটকিয়ে রাখে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলটি।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, রফিকুল ইসলাম দুদুকে তার আত্মীয়স্বজন হাসপাতালে নিয়ে এসেছিল মৃত অবস্থায়। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছে, অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধারের চেষ্টা চলছে। এলাকায় পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।