সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

টেকনাফে কোস্টগার্ডের গুলিতে নিহত-১, আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আটক-১৬

টেকনাফে কোস্টগার্ডের গুলিতে নিহত-১, আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আটক-১৬

মুহাম্মদ কিফায়ত উল্লাহ, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাদক কারবারিদের সাথে কোস্টগার্ডের গোলাগুলি ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হয়েছে। এসময় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার ইয়াবাসহ ১৬ জনকে আটক করা হয়। শনিবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের কাছাকাছি নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোস্টগার্ড টেকনাফ ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. জালাল উদ্দিন।

নিহত মোসলেহ উদ্দিন (৫০) ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। তবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক ও ৫ জন রোহিঙ্গা।

জালাল উদ্দিন বলেন, শনিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক একটি ট্রলার দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা। এতে ট্রলারটিতে থাকা লোকজনকে থামার জন্য নির্দেশ দিলে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। কোস্টগার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ ঘটনায় এক মাদক মাদক কারবারি নিহত হয়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা সম্ভব হয়।

এসময় ট্রলারে থাকা ১৬ জন আটক এবং ট্রলারটি তল্লাশী চালিয়ে দেশিয় তৈরী ৩ টি বন্দুক, ৩ টি গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

নিহতের লাশ টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হাসপাতাল থেকে অজ্ঞাতনামা এক মাদক কারবারি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নামপ্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, ভোর চারটার দিকে কোস্টগার্ডের এক কর্মকর্তা অনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেও ওই অজ্ঞাতনামা ব্যক্তি মারা গেছে। পরে সকালে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |