মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

অবরোধ
বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। সোমবার সকাল ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায়

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেতন বাড়ানোর দাবিতে পাঁচটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ-মিছিল করছেন। আজ সোমবার সকাল ৯টা থেকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জুতা, ওষুধসহ পাঁচটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তেলিরচালা এলাকার পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকেরা সর্বনিম্ন মূল বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টায় বিক্ষোভ শুরু করেন। এ সময় আশপাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়ার কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে একই দাবিতে বিক্ষোভে যোগ দেন। একপার্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দেন। এতে উভয় দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন পথচারী ও যানবাহনের যাত্রীরা।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান: ড. ইউনূস

করিম টেক্সটাইল কারখানার শ্রমিক আছিয়া বেগম বলেন, তাঁদের এখন সর্বনিম্ন মূল্য বেতন দেওয়া হয় ৮ হাজার ২০০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই টাকায় তাঁদের সংসার চলছে না। তাই সর্বনিম্ন মূল বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।

লগোজ অ্যপারেলস কারখানার শ্রমিক মো. সোলাইমান বলেন, ‘যে বেতন পাই, তা দিয়ে সংসার চালাতে পারি না। ঘরভাড়া দিয়ে যা থাকে, তা দিয়ে সারা মাস খেতেও পারি না। মাস শেষে ধারদেনা করে চলতে হচ্ছে।’

সর্বশেষ আজ বেলা ১১টার দিকে এই প্রতিবেদন লেখার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলের কর্মসূচি চলছিল।

 

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |