মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

রাজন কটেজে ধর্ষণের আসামি হারবদল গ্রেফতার

রাজন কটেজে ধর্ষণের আসামি হারবদল গ্রেফতার

মনসুর আলম মুন্না (কক্সবাজার)
কক্সবাজারের কলাতলী কটেজ জোনে রাজন কটেজ নামে একটি কটেজে ঢাকা থেকে আগত পর্যটককে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অন্যতম আসামি মনিরুল ইসলাম প্রকাশ হারবদলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

গ্রেপ্তার হারবদল কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার মো. নুর আহম্মদের ছেলে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামু রাবার বাগান এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলে চিরুনি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে সাতটায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও তার তিন বান্ধবী ৩ সেপ্টেম্বর ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন। ভুক্তভোগীর বান্ধবীদের পূর্বপরিচিত এক লোকের সঙ্গে তারা এই ভ্রমণে আসেন। কক্সবাজার এসে তারা কলাতলী সড়কের সুগন্ধা পয়েন্টের হোটেল মেরিন প্লাজায় কক্ষ ভাড়া নেন।

র‌্যাব জানায়- ৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ভুক্তভোগী ও তার এক বান্ধবী হোটেল থেকে বের হয়ে বিচে যায়। পরবর্তীতে তারা ফিরে যাওয়ার প্রাক্কালে সুগন্ধা রোডে পৌঁছালে আসামিরা একটি অজ্ঞাত নাম্বারের অটোরিকশাযোগে এসে তাদের গতিরোধ করে। এরপর তাদের জোরপূর্বক অটোরিকশা করে রাজন কটেজে তুলে নিয়ে যায়। সেখানে ভিন্ন ভিন্ন কক্ষে আটকে রাখে এবং ভুক্তভোগী পর্যটককে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পরদিন সকালে দুই পর্যটককে বাস টার্মিনাল নিয়ে গিয়ে চট্টগ্রামগামী মারসা গাড়িতে তুলে দেয়। পরে বাস রামু পৌঁছালে বাদী অসুস্থ হয়ে বাস থেকে নেমে গেলেও অপরজন কক্সবাজার ত্যাগ করেন। এরপর ভুক্তভোগী রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়। পরে রামু হাসপাতালের চিকিৎসকরা পুলিশকে খবর দেয় এবং পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নিয়ে সদর হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে এজাহারনামীয় ৩ জন এবং অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর মধ্যে গ্রেপ্তারকৃত একজনের নামপরিচয় তিনি দিতে পারলেও অন্য ৪ জনের মধ্যে ২ জনের শুধু নাম বলতে পারেন এবং অন্য ২ জনের কোনো পরিচয় তিনি দিতে পারেননি।

এরপর র‌্যাব অনুসন্ধানের একপর্যায়ে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি হারবদলকে রামুর দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হারবদল সংঘবদ্ধ ধর্ষণ করার কথা স্বীকার করে বলে জানায় র‌্যাব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |