মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

লালপুরে বছর না হতেই ধসে গেল কোটি টাকার আরসিসি রাস্তা

লালপুরে বছর না হতেই ধসে গেল কোটি টাকার আরসিসি রাস্তা

তুষার ইমরান, লালপুর (নাটোর):  নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত আরসিসি রাস্তা মাত্র ১০ মাসের মধ্যেই ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার, রড কম দেওয়া এবং ঢালাইয়ের শিডিউল না মানার কারণেই এ ধসের ঘটনা ঘটেছে।
পৌরসভার খালের তীরবর্তী কেশবপুর ব্রিজ থেকে কবরস্থান পর্যন্ত ৭০০ মিটার এই রাস্তা নির্মাণে ব্যয় হয় ১ কোটি ৮ লাখ টাকা। ২০২৩ সালের ১৬ আগস্ট নির্মাণকাজ শুরু হয়ে শেষ হয় ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি। নির্মাণকাজ পেয়েছিল মেসার্স এ.কে. এন্টারপ্রাইজ।
সরেজমিনে দেখা গেছে, রাস্তাটির প্রায় ৪০ মিটার ধসে গেছে। রাস্তার জয়েন্ট বা মেচিংবারে রড ব্যবহার করা হয়নি এবং ঢালাইয়ের পুরুত্ব নির্ধারিত ৫ ইঞ্চির চেয়ে কম ছিল। স্থানীয় বাসিন্দা জিয়াউল ও আল আমিন জানান, রাস্তা নির্মাণের সময় মান নিয়ন্ত্রণের অনিয়ম হয়েছে। স্থানীয় প্রভাবশালী নেতাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস করেননি।
ঠিকাদার আবুল খায়ের দাবি করেছেন, রাস্তা নিয়ম মেনেই নির্মাণ করা হয়েছিল। তবে খালের মাটি ধসে যাওয়ায় রাস্তা ভেঙে গেছে। পৌরসভার সহকারী প্রকৌশলী নজরুল ইসলামও মাটি সরে যাওয়াকে দায়ী করেন, তবে তিনি স্বীকার করেন যে জয়েন্টে রডের মেচিংবার দেওয়া হয়নি।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান জানান, তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা রাস্তা দ্রুত চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |