মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত-১

লক্ষ্মীপুরে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত-১

রবিন হোসেন তাসকিন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে আল-মদিনা নামে লোকাল বাসের সিলিন্ডারে গ্যাস রিফেলের সময় আবারো ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে আবুল কালাম নামে ২১ বছর বয়সী একজন বাস যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।
বুধবার (১১ ডিসেম্বর) ভোর রাতে লক্ষ্মীপুরের মুক্তিগঞ্জ এলাকার গ্রীণ লীফ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নোয়াখালী ও ঢাকায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। নিহত কালাম পেশায় রং মেস্ত্রী, তিনি পৌর শহরের সাহাপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে।
আহতরা হলেন নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০), স্থানীয় সাহাপুর গ্রামের বাসিন্দা নাইম (২৪)সহ ৩জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় গ্রীণ লীফ সিএনজি ফিলিং স্টেশনে ভোর রাতে আল মদিনা নামে লোকাল বাস (চট্ট মেট্রো-ঝ ১১- ১৯৩০) গ্যাস রিফিলের জন্য যায়। হঠাৎ বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় চারিদিকে ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়ে। তাৎক্ষনিক ঘটনাস্থলে একজনের মাথার খুলি উড়ে গিয়ে নিহত হন।
এ সময় দিকবেদিক ছুটোছুটি করেন আশে পাশে থাকা চালক ও স্টেশনের কর্মচারীরা। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় নিহতের স্বজনরা হাসপাতাল আঙ্গিনায় আহাজারি করতে দেখা যায়।
এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও  ঢাকায় প্রেরণ করা হয়। তবে অপর এক আহতের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
চিকিৎসক জানান, বিস্ফোরণে একজনের মাথার খুলি উড়ে গিয়ে মারা গেছে, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে নোয়াখালী ও অপর জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
গ্রীণ লীফ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বাসটিরও সিলিন্ডার ত্রুটিযুক্ত ছিল তাই বিস্ফোরণ ঘটেছে। এতে একজন ঘটনাস্থলে নিহত ও আরো ৩জন আহত হয়েছে বলে জানান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও একই ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেটির মামলা চলমান রয়েছে।
প্রসঙ্গত : গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অপর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩জন নিহত ও ৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |