মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

আঁর ন হাঁইয়্যে, বৌতদিন হাঁইয়্য স্লোগানে উত্তাল চট্টগ্রাম নিউ মার্কেট এলাকা

আঁর ন হাঁইয়্যে, বৌতদিন হাঁইয়্য স্লোগানে উত্তাল চট্টগ্রাম নিউ মার্কেট এলাকা

আবুল হাসনাত মিনহাজ: ‘আঁর ন হাঁইয়্যে, বৌতদিন হাঁইয়্য’ এই স্লোগানে হাজারো মানুষের মুহুর্মুহু প্রকম্পিত হয়েছে চট্টগ্রাম নগীর নিউমার্কেট সহ পুরো এলাকা।  শনিবার (৩ আগস্ট) বেলা তিনটায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নগরীর নিউ মার্কেট চত্বরের সামনে জড়ো হতে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও নগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।অনেকের সাথে ছিলো তাদের অভিভাবকরাও। এসময় কোটা বৈষম্য বিরোধী বিক্ষুব্ধ আন্দোলনকারীরা নিউ মার্কেট মোড়ের পুলিশ বক্স সহ আশেপাশের সিসিটিভি ক্যামেরা গুলো খুলে ফেলে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান এসব সিসিটিভি ফুটেজ দেখে, ছাত্র – যুবলীগের সন্ত্রাসীদের নিয়ে পুলিশ ঠিকানা যোগার করে, রাতের অন্ধকারে বাসা বাড়িতে হামলা করে শিক্ষার্থীদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে মামলা দেয়। উপস্থিত ছাত্ররা জানান, শনিবার বেলা আড়াইটার পর থেকে দলে দলে নিউমার্কেট এলাকায় জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা।

সময় যত গড়াতে থাকে, আন্দোলনকারীদের সংখ্যা তত বাড়তে থাকে। হাজারো মানুষের ভিড়ে নিউ মার্কেট চত্বর ও এর আশপাশের এলাকার পা ফেলার জায়গা নেই। নিউ মার্কেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে,’ ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত,’ ‘স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান, অভ্যুত্থান’, ‘পদত্যাগ পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ’ এমন নানা স্লোগান দেন। ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষের মুখে আন্দোলনকারী শিক্ষাথী ‘আঁর ন হাঁইয়্যে, বৌতদিন হাঁইয়্য’ এই স্লোগান দিতে দেখা যায়।

‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও কাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়।নিউমার্কেট মোড়ে আন্দোলনকারীরা বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অবস্থান করে রেলওয়ে স্টেশন, টাইগার পাস হয়ে জিইসির মোড়ে গিয়ে বিক্ষোভ কর্মসূচর সমাপ্তি ঘোষণা করেন। বিক্ষোভ কর্মসূচি ঘিরে প্রশাসন কঠোর নজরদারি রাখলেও কোথাও পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর অবস্থান দেখা যায়নি। অন্যদিন কর্মসূচি চলাকালে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি থাকলেও শনিবারের বিষয়টি ছিলো ভিন্ন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |