মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
কক্সবাজার অফিস:
কক্সবাজার শহরতলির জানারঘোনা এলাকায় শ্বশুরকে উপুর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে মেয়ের জামাই। ছুরিকাঘাত করা হয় শ্বাশুড়িকেও। এই ঘটনায় জামাই হাশেম উল্লাহকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনার ফুটখালি এলাকায়।
জানা যায়, ক’দিন আগে মুহাম্মদ হাশেম উল্লাহর স্ত্রী দুটি জমজ সন্তান প্রসব করেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সদ্যভূমিষ্ট দুই সন্তানই মারা যায়। নাতিরা মারা যাওয়ার পর তাদের নানা আজিজুর রহমান ও নানি সুমাইয়া আকতার দেখতে যান। ‘জমজ সন্তান ভূমিষ্টের পর না গিয়ে কেনো মারা যাবার পর দেখতে গেছে’- এনিয়ে জামাই-শ্বশুরের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। একপর্যায়ে জামাই হাশেম উল্লাহ তার শ্বশুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত আজিজুর রহমানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হুদা বলেন- ‘ঘটনার পরপরই ঘাতক হাশেম উল্লাহকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে’।