মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শাহাদুল ইসলাম সাজু,জয়পুরহাট: জয়পুরহাট সদরের তেতুলতলী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাত দেড়টার সময় ৩ লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ দুই প্রত্যারককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত ২ জন হচ্ছেন জয়পুরহাট সদরের নাকুরিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে রিমন (২৭) ও নুরুজ্জামানের ছেলে রনি মন্ডল (৩০)। অভিযানের সময় তাদের নিকট থেকে মোবাইল সেট দুটি ও চারটি সীম কার্ড জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, মোঃ রিমন (২৭) জাল টাকা সরবরাহকারী ও বিপণনকারী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য এবং মোঃ রনি মন্ডল (৩০) তার সহযোগী হিসেবে কাজ করে। তারা দীর্ঘ দিন ধরে এই ব্যবসার সাথে জড়িত। তারা ঈদ উল ফিতরকে সামনে রেখে এসব জাল টাকা লাখে ১২ হাজার টাকা মূল্যে কিনে এনে ব্যাংকের টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে দিয়ে চালাতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে কৌশলে এসব নোট চালাতো বলে জানায়। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর ও আশেপাশের এলাকায় জাল টাকা বিপণন করে আসছিল নিজস্ব গোয়েন্দা তথ্যে এমন খবর পেয়ে সত্যতা যাচাইয়ের ভিত্তিতে অভিযানে নামে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের নিকট থেকে ৩ লাখ ৪৬ হাজার টাকার বাংলাদেশী জাল নোট উদ্ধার করা হয়।
জাল মুদ্রা তৈরি ও সরবরাহকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান, র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ।
আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।