মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
মোঃআবদুল কুদ্দুছ রানা, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জামায়াত নেতা ও কিশোর গ্যাং সদস্যসহ ৪জনকে গ্রেফতার করেছে কোম্পানীঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ৩জনই কিশোর গ্যাং সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে উপজেলার সিরাজপুর, চরকাঁকড়া, চরপার্বতী এবং চরফকিরা ইউনিয়নে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে গ্রেফতারকৃত ৪জনকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মীর আহমেদ সারেং এর ছেলে এবং ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি জামাল উদ্দিন জালাল (৪১), কিশোর গ্যাং সদস্য চরকাঁকড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে মোঃ আবদুল্লাহ আল জুবায়ের প্রকাশ হালিম (১৮), চরপার্বতী ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে ইব্রাহিম খলিল প্রকাশ রাজু (২০) ও চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চরকচ্ছপিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে আবদুর রহমান মনির (১৯)। গ্রেফতারের সময় পুলিশ কিশোর গ্যাং সদস্য আবদুর রহমান মনিরের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা জব্দ করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতা ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। কিশোর গ্যাং এর সদস্য মনিরের কাছ থেকে গ্রেফতারের সময় ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।