মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
আবুল হাসনাত মিনহাজদ, চট্টগ্রাম : আজ ২৯ মে, ২০২৩ খ্রিঃ নগরীর পতেঙ্গা থানাধীন বাংলাদেশ এয়ারফোর্স জহুরুল হক ঘাঁটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এতে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। এসময় সেখানে সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর মানবতার কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারকে ধারণ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয় ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে। সেই থেকে অদ্যাবধি বাংলাদেশ পুলিশের ২১ হাজার ২৮৪ জন শান্তিরক্ষী ২১টি দেশের ২৩টি মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা ও অনন্য অবদান রয়েছে যা বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ। বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, মালি, সাইপ্রাস, সাউথ সুদান, সেন্ট্রাল আফ্রিকা, লিবিয়া ও সুদানে সাতটি দেশে বাংলাদেশ পুলিশের ৫১২ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। ২০০০ সাল থেকে বাংলাদেশ পুলিশের নারীপুলিশ কর্মকর্তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছেন। বর্তমানে বাংলাদেশ পুলিশের ১৫৭ জন নারীপুলিশ শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের ১ হাজার ৭৬৬ জন নারী শান্তিরক্ষী বিভিন্ন শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন সম্পন্ন করেছেন।