মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি পাশে আছে

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি পাশে আছে

তৌহিদ বেলাল : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন- ওআইসি’র মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। সোমবার (২৯ মে) সকালে উখিয়া উপজেলার মধুরছড়া-৪ এক্সটেনশন আশ্রয় শিবিরে পৌঁছান তিনি। এসময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার- আরআরআরসি মিজানুর রহমান।

পরে ওআইসি মহাসচিব রোহিঙ্গা যুবকদের নিয়ে পরিচালিত ইয়ুথ সেন্টার, বৃক্ষরোপণ প্রকল্প, মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এরপর ওই আশ্রয় শিবিরের সম্মেলন কক্ষে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগঠন ওআইসি’র এই শীর্ষ নেতা। এখানে মতবিনিময়ে অংশ নেন বিভিন্ন আশ্রয় শিবির থেকে আসা কমিউনিটি নেতা, যুবক, ইমাম, নারী অধিকার কর্মীসহ ২৫ জন রোহিঙ্গা প্রতিনিধি।

এসময় তারা নিজেদের নাগরিকত্ব নিয়ে নিজ দেশে ফিরে যেতে সহযোগিতা চাওয়ার পাশাপাশি ওআইসি মহাসচিবের কাছে বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন। সভায় ওআইসির প্রধান রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি রোহিঙ্গা সংকট ওআইসির জন্য একটি শীর্ষ অগ্রাধিকার বিষয় উল্লেখ তিনি বলেন- ‘প্রত্যাবাসনে সবসময় রোহিঙ্গাদের পাশে আছে মুসলিম বিশ্বের সংগঠনটি’।

সভা শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ওআইসি প্রধান রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন যে, আন্তর্জাতিক বিচার আদালতে চলমান কার্যক্রম তরান্বিত করতে সংগঠনটির তৎপরতা অব্যাহত আছে। জানা যায়, গেলো শনিবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন তিনি। এছাড়াও ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির ৩৫ তম সমাবর্তনে বক্তব্য রাখবেন ওআইসির এই ১২ তম মহাসচিব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |