মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

রৌমারীতে স্কুল মিল্ক কর্মসূচি উদ্বোধন করলেন, গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

রৌমারীতে স্কুল মিল্ক কর্মসূচি উদ্বোধন করলেন, গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

শহিদুল্লাহ কায়সার, রৌমারী : “শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ সব শিশু দুধ পাবে অনায়াসে” এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বছরব্যাপী বিনামূল্যে দুধ পান করানোর পাইলট কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্কুল মিল্ক কর্মসূচির শুভ উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব জাকির হোসেন এমপি।

বুধবার ২১ জুন দুপুরের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীদের দুধ পান করানোর মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। স্কুল খোলা থাকার দিনগুলোতে টিফিনের সময় প্রতিদিন ২ শত মিলির করে দুধ পান করানো হবে শিক্ষার্থীদের। মেধা বিকাশে ভালো খাবার প্রয়োজন এর মধ্যে অন্যতম প্রধান খাদ্য দুধ। নিয়মিত দুধ খেলে পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাণিজ পুষ্টির যোগান পাবে, সুস্থ-সবলভাবে বেড়ে উঠবে। যার মাধ্যমে একটি মেধাবী জাতি গড়ে উঠবে। পরে প্রায় ৯ শত শিক্ষার্থীকে এই দুধ পান করানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, জেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ভূমি এবিএম সারোয়ার রাব্বাী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এটিএম হাবিবুর রহমান, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল নবি মিলন এটিও নাজমুল হোসন, রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ভেটেরিনারী সার্জন রোকনুজ্জামান রৌমারী সরকারি ডিগ্রী কলেজ প্রভাষক আঞ্জুমান আরা বেগমসহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বানাতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মেধাবী জাতি গঠনে কাজ করছে। একটি জাতি মেধাবী না হলে সে দেশ কোনদিন এগিয়ে যেতে পারে না। আগামী দিনে শিশুদের বিদ্যালয়ে আসতে অনুপ্রাণিত করবে। বিশেষ করে দরিদ্র অঞ্চলে স্কুল থেকে ঝরে পড়া রোধ করতে এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |