বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় লাইব্রেরিকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে লাইব্রেরিয়ান খাইরুল আলম নান্নুর বিরুদ্ধে। লাইব্রেরির বাজেট ব্যবহারে অসংগতি, একাডেমিক বইয়ের অপর্যাপ্ততা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার নির্মাণে অসংগতি, লাইব্রেরির এসির অচলাবস্থা, কোনো ধরনের নোটিশ ছাড়াই গণগ্রন্থাগার তালা দেওয়া, লাইব্রেরিতে চাকরি দেওয়ার নামে ৫ জনকে কাজ করানোসহ নানা অভিযোগ করেছেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় লাইব্রেরি নিয়ে তার স্বেচ্ছাচারিতায় যেন বেড়েই চলেছে।
অভিযোগে জানানো হয়, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ নির্মাণের কাজ দীর্ঘ সাড়ে তিন বছরেও শেষ হয়নি প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণেই। বরাদ্দের টাকার অসংগতির কারণেই কাজ বন্ধ রাখা হয়েছে। অথচ একই সময়ে লাইব্রেরির বৈদ্যুতিক, সংস্কার, মেরামত ও লাইব্রেরিয়ানের অফিস কক্ষের আধুনিকায়ন কাজসহ নানা কাজে ব্যয় করা হয়েছে এক কোটি টাকার ওপরে বলে জানান লাইব্রেরির সংশ্লিষ্ট কর্মকর্তারা। লাইব্রেরির এসব কাজের ব্যয় ও কেনাকাটা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এদিকে প্রশ্নবিদ্ধ কেনাকাটার ভাউচারে কমিটির অনেকেই স্বাক্ষর করেননি বলেও জানানো হয়।
এ বিষয়ে লাইব্রেরিয়ান খাইরুল আলম নান্নু জানান, সোনালী ব্যাংক থেকে অনুদান পাওয়া ২৫ লাখ টাকা প্রায় শেষ হয়ে গেছে। আরও কিছু বাজেট হলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ নির্মাণের কাজ শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ৩ লাখ টাকা দিয়েছিলেন আমার রুম ডেকোরেশেনের জন্য। লাইব্রেরির নিচতলায় যে ৪টি এসি পড়ে আছে। মুক্তিযুদ্ধ কর্নার নির্মাণ শেষ হলে এসির কার্যক্রম শুরু হবে। লাইব্রেরিতে বই সংগ্রহের জন্য একটি কমিটি আছে। কমিটির সকল সদস্যের পরমর্শক্রমেই বই সংগ্রহ করা হয়। লাইব্রেরিতে পিওন সংকট হওয়ার কারণে ৫ জনকে বিশ্ববিদ্যালয় খণ্ডকালীন নিয়োগ দিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বেতন দেওয়া হয়। ২০২২ সালে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২০টি ক্রয় করা হয়।
ফ্যান ক্রয়ের পর অবশিষ্ট টাকা দিয়ে আইপিএস ক্রয় করা হয়েছে। তবে সরেজমিনে দেখা যায়, লাইব্রেরির রিডিং রুমে ১৫টি মীরা ফ্যান সচল রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. অলিউল্লাহ বলেন, লাইব্রেরিতে খণ্ডকালীন কোনো নিয়োগ দেওয়া হয়নি। তবে যেকোনো বিভাগের প্রধান প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট বাজেটের আওতায় কন্টেনজেন্সি হিসেবে জনবল রাখতে পারেন। শিক্ষার্থীদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ২০টি ফ্যান ক্রয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ১ লাখ ৯০ হাজার টাকা।
সরকারি গণগ্রন্থাগার বন্ধের অভিযোগের বিষয়ে লাইব্রেরিয়ান বলেন, গণগ্রন্থাগারে পাঠক সংখ্যা কম হওয়ার কারণে এটি অন্যত্র স্থানান্তরের জন্য বলেছিলাম। পরে গণগ্রন্থাগারের সহকারী পরিচালক বরাবর আমরা কয়েকটি চিঠি দিয়েছি। তারা কোনো চিঠির উত্তর দেয়নি। এ কারণে তালা দেওয়ার পরও গণগ্রন্থাগারটি আবার খুলে দেওয়া হয়েছিল।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আব্বাস আলী বলেন, কোনো ধরনের চিঠি, ফোন না দিয়ে গণগ্রন্থাগার তালা দেওয়া হয়। কে বা কারা তালা দিয়েছে সেটি আমি জানি না। তবে আমি রেজিস্ট্রার মহোদয়ের সাথে টেলিফোনে কথা বলার পরে তিনি ৫ থেকে ৭ মিনিটের মধ্যে খুলে দিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বাকৃবি লাইব্রেরিয়ান বলেছেন, ২৫ লাখ টাকা ইতোমধ্যে শেষ হয়েছে। তারা এই টাকা কি কাজে শেষ করেছেন সেই হিসাব আমি নেব। যদি দেখি তারা টাকা ঠিকমতো খরচ করেনি, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তার বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে, সব অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। অন্যায় ও অপরাধ করে কেউ পার পাবে না।
অপরদিকে অভিযুক্ত খায়রুল আলম নান্নুর স্ত্রী ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপপরিচালক ফারজানা পারভীন (বর্তমানে নেত্রকোণা) এর বিরুদ্ধেও ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় প্রশিক্ষণ প্রদান না করিয়ে প্রশিক্ষণের লক্ষ লক্ষ টাকা সম্মানী গ্রহণ ও এক উপজেলার বাসিন্দাকে অন্য উপজেলায় দেখিয়ে এবং শিক্ষাগত যোগ্যতার সনদ সঠিকভাবে যাচাই না করে ভুয়া এনআইডি ও সনদপত্রে প্রশিক্ষণার্থী ভর্তি দেখিয়ে লক্ষ লক্ষ প্রশিক্ষণ ভাতা ও কর্মভাতা আত্মসাৎ করার অভিযোগে ময়মনসিংহ দুদক কার্যালয়ে অভিযোগ দায়ের হয়েছে।