সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
জাহাঙ্গীর আলম রাজু, নিজস্ব প্রতিবেদক: সাভারের বলিয়ারপুরে প্রাইভেটকারের সাথে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ২ টার সময় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আহত দুইজন হলেন শাহাবুদ্দিন ও আব্দুল জলিল। প্রাথমিক ভাবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম কোম্পানি বলেন, মজিবুর মামাসহ গাড়িতে ৫ জন ছিল। তারা প্রাইভেটকারে সাভারের দিকে যাচ্ছিলেন। ঢাকা- আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নিচ্ছিলেন তারা। এসময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এসময় কারটিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুই জন। আহতদের উদ্ধার করে একজন-কে সাভারের এনাম মেডিকেলে ও অপরজন-কে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে।
উক্ত বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। আমরা চালক ও হেলপার-কে আইনের আওতায় নেওয়ার জন্য কাজ করছি। তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে কোন মরদেহ পাইনি। তবে মরদেহ উদ্ধার করে যেখানে নেওয়া হয়েছে সেখানে আমরা যাচ্ছি।