মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সিরাজুল ইসলাম তপু, গাজীপুর: রোববার (৮ ডিসেম্বর) সকালে আদালতের গারদ থেকে প্রিজনভ্যানে তোলার সময় গাজীপুরের আওয়ামী লীগ নেতা ও গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে লক্ষ্য করে ডিম, টমেটো, জুতা নিক্ষেপ করেছে বিক্ষুদ্ধ জনতা। এ সময় কিরণের ফাঁসির দাবিতে শ্লোগান দেয় এবং প্রিজনভ্যানে ঝাড়ুপেটাও করে তারা।
গাজীপুর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী জানান, সকালে আসাদুর রহমান কিরণকে মহানগরের বাসন, কাশিমপুর, কোনাবাড়ি ও সদর থানার হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ৯টি মামলায় সিএমএম আদালত-৫ এ হাজির করা হয়। ওই আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে প্রথমে আদালত থেকে গারদখানায় নেয়া হয়।
এদিকে কিরণকে আদালতে হাজির করার খবর চাউর হলে বিক্ষুদ্ধ লোকজন গারদখানার আশপাশে জড়ো হতে থাকে। তাকে গারদখানা থেকে কারাগারে নেয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় লোকজন তার ফাসির চেয়ে শ্লোগান দেয় এবং তাকে লক্ষ্য করে ডিম, টমেটো, জুতা নিক্ষেপ করতে থাকে। তারা প্রিজনভ্যানে ঝাড়ু দিয়ে আঘাত করে। এসময় পুলিশ দ্রুত তাকে প্রিজনভ্যানে তুলে কারাগারের উদ্দেশ্যে আদালত এলাকা ত্যাগ করে।
এর আগে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আসাদুর রহমান কিরণকে ১৮ নভেম্বর রাতে যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা তাকে আটক করে।
উল্লেখ্য, আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। গাজীপুর সিটির নির্বাচনে তিনি দুই বার কাউন্সিলর নির্বাচিত হন। সিটির দুই মেয়াদে ৫ বছরের অধিক সময় তিনি গাসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও পালন করেন।