মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নাজমুল হোসেন, গোয়ালন্দ রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০) এর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০:১৫মিনিটের সময়ের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগতির একটি সৌহার্দ্য পরিবহন বাসের ধাক্কায় যুবকটি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে এখনও নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান,দুর্ঘটনার পর বাসটি টার্মিনালে রেখে চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। বাসটি আটক করার চেষ্টা চলছে।
মহাসড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁরা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।
এদিকে, এলাকাবাসী নিহত যুবকের পরিচয় শনাক্ত করে তাঁর পরিবারকে খুঁজে বের করার পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।