মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

নবীনগরে ক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন

নবীনগরে ক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন

মো: হোসাইন ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এর আহ্বানে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখান ও উপ-সচিব পদে সকল ধরনের কোটা বাতিল এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তাদের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিশলয় সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তামিম রায়হান, ডাঃ সাদ্দাম হোসেন, ডাঃ রাসমিত করিম, ডাঃ খন্দকার মহিমা সুলতানা, সহকারী অধ্যাপক মোহাম্মদ সৈয়দ হোসেন, সহকারী অধ্যাপক মোঃ রাসিদ উল্লাহ ভূইয়া, প্রভাষক আল ইফতে ইয়াসিন, প্রভাষক জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিধিমালা লঙ্ঘন করে একটা ক্যাডার উপসচিব পদে ৭৫ শতাংশ পদোন্নতি পাচ্ছে আর ২৫টি ক্যাডার পাচ্ছে ২৫ শতাংশ। এটা মৌলিক অধিকারের পরিপন্থী।

মানববন্ধনে কর্মকর্তারা আরও বলেন, উপসচিব কোনো ক্যাডারের জন্য নির্ধারিত পদ নয়। সুতরাং পরিপত্র জারি করে এ ধরনের সুবিধা গ্রহণ আইনসম্মত হতে পারে না। এসময় স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |