মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়ায় হাতের কবজি কেটে ফেলার অভিযোগ

কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়ায় হাতের কবজি কেটে ফেলার অভিযোগ

চয়ন আহমেদ, কুষ্টিয়া: কুষ্টিয়ায় সমিতির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবুল আক্তার আনিচ (৫০) নামের এক ব্যক্তির হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ ওঠেছে প্রতিবেশী নজরুল ইসলাম নজুর ওরফে ক্যডারের বিরুদ্ধে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পৌর ১৭ নম্বর ওয়ার্ডের মিনাপাড়া প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। হাতের কবজি হারানো বাবুল আক্তার কুষ্টিয়া শহরের ঢাকা ঝালুপাড়া এলাকার আসালত আলী ফকিরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌরসভার মিনাপাড়া প্রাইমারি স্কুলের সামনে শহীদ সবুজ স্মৃতি ফাউন্ডেশন থেকে লোন নেওয়া সমিতির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নজরুল ইসলাম ওরফে নজু ও তার লোকজন বাবুল আক্তার আনিচ এর উপর অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় নজরুল ইসলাম ওরফে নজুর হাতে থাকা হাঁসুয়া দিয়ে আনিচকে লক্ষ্য করে কোপ দিলে বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। এছাড়া আনিচের ওপর এলোপাতাড়ি কোপাতে থাকলে তার পিঠের ডানপাশে আঘাত প্রাপ্ত হয় ৷ রক্তাক্ত গুরুতর জখম করে নজু সহ তার সাথে থাকা দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা বাবুল আক্তার আনিচকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সে সময় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং আহত বাবুল আক্তার আনিচের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: হোসেন ইমাম।

আহতের স্বজন সাইদুল ইসলাম জানান, বেশ কয়েক মাস আগে শহীদ সবুজ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রায় ২ লাখ টাকা লোন নেয় নজরুল। মাসে মাসে কিস্তি দেওয়ার কথা থাকলে তা দেন না তিনি। টাকা চাওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় মমিনুর রহমান মোমিজের বাড়ির নিচ তলায় অবস্থিত রেজিস্ট্রেশন বিহীন এনজিওর কার্যালয় থেকে সমিতির সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার আনিচের সঙ্গে বাক-বিতর্কে জড়ায় নজরুল। পরে অফিসের সামনে থেকেই সমিতির ক্যাশিয়ার আনিচ কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নজরুল।

এদিকে শহীদ সবুজ স্মৃতি ফাউন্ডেশন নামের এই এনজিও টির কোন নিবন্ধন বা বৈধতা না থাকায় ঘটনার পর পরই গা ঢাকা দিয়েছে কর্মকর্তারা। আওয়ামী লীগ নেতা হওয়ায় পাঁচ আগস্টের পর থেকেই পলাতক রয়েছে সমিতির সভাপতি মমিনুর রহমান মোমিজ।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেহাবুর রহমান বলেন, শহরের ঢাকা ঝালুপাড়ায় সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক ভাবে তিনি জানতে পারেন এলাকার স্থানীয় একটি সমিতির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |