মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
তুষার মিত্র, নরসিংদী
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ২৮ মার্চ) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী। এর আগে মঙ্গলবার ভোরে শহরের দাসপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নরসিংদী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদরের টাউয়াদী, দাসপাড়া ও ঘোড়াদিয়া এলাকার ফজর আলী (৪৩), রফিকুল ইসলাম (২৯) এবং রবিন মিয়া (২১)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ভোরে সদরের দাসপাড়া এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এমন গোপন সংবাদ পায় থানা পুলিশ। পরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়।
এসময় দাসপাড়ার নার্সারী মোড়ের ফাঁকা জায়গা হতে ৩ জনকে আটক এবং তাদের দখল থেকে ১টি স্টিলের চাপাতি, ২টি চাইনিজ কুড়াল এবং ১টি রামদা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটককৃতদের আরও ৫ থেকে ৬ জন সহযোগী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ডাকাত এবং তাদের বিরুদ্ধে এর আগেও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে দাবী পুলিশের।