রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সায়লা আফরোজ, ঢাকা: রাজধানীতে সেইফ আইডিয়াল স্কুল নামে একটি প্রাইভেট স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। রাজারবাগ পুলিশ লাইনের বিপরীত পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে, অভিভাবক বা মায়েদের ফোন নাম্বার সংগ্রহ করে বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজের নামে বিভিন্ন প্রতারণামুলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের এহেন কর্মকাণ্ডের কেউ প্রতিবাদ না করায় আরও বেপরোয়া হয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে। শিশুদের ভাল নাম্বারের সুবিধা দেয়ার কথা বলে চটকদার ঐ সব বিজ্ঞাপন দিচ্ছে। যা দেখে অভিভাবকরা অতিরিক্ত টাকা দিয়েও বাচ্চাদের ভর্তি করাচ্ছেন। ভর্তি করার পর টাকার জন্য বিভিন্নভাবে অভিভাবকদের বাধ্য করে থাকেন। সেইফ আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত ঢালী নেপথ্যের কারিগর বলে জানা গেছে।
সেইফ এডুকেশন ফ্যামিলির নামে বিভিন্ন মডেল টেস্টসহ নানারকম নোট বা শীট বিক্রি করে হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এসব মডেল টেস্টের কভারে লেখা থাকে নানা চটকদার বিজ্ঞাপন। এছাড়াও শিক্ষার্থীদের ক্লাসের বাহিরেও ওই স্কুলের শিক্ষকদের নিকট পড়তে বাধ্য করা অভিযোগ রয়েছে।
সেইফ আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান (ছদ্মনাম)। সে তার স্কুলের শিক্ষকের কাছে গণিত এবং ইংরেজি পড়ে। ক্লাসের বাইরে তাকে পড়তে হয়। ইশরাত জাহান জানায়, সে আইডিয়াল স্কুলেরই শিক্ষকের কাছে পড়ে।
শুধু সেইফ আইডিয়াল স্কুল নয়, রাজধানীর বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ঘুরে এবং শিক্ষক-অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। ২০১২ সালের ২০ জুন কোচিং-বাণিজ্য বন্ধের নীতিমালার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নিজ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কোচিং করাতে বা প্রাইভেট পড়াতে পারবেন না। তবে কোচিং-বাণিজ্য বন্ধ করতে দুদক মাঝে মাঝেই অভিযান চালালেও শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর এ বিষয়ে দৃশ্যমান কোনও ব্যবস্থা নিচ্ছে না।