ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের দাবীতে ২০২৪ এর জুলাই গণ অভ্যুত্থান এর শহীদ দের স্মরণে পঞ্চগড়ের বোদায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে বোদা উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামি আন্দোলন, জাগপা সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদের সঞ্চালনায় এসময় বক্তারা ২০২৪ জুলাই আন্দোলনের শহীদ দের স্মরণ করে ৩৬ দিনের দূর্বিষহ পরিস্থিতি তুলে ধরেন।
বিএনপি নেতা আসাদুল্লাহ আসাদ বলেন, "স্বৈরাচার মুক্ত ফ্যাসিস্ট হাসিনার পতন ৩৬ দিনে হয়নি। মানুষের বাক স্বাধীনতা ও গনতন্ত্র ফিরে পাবার দাবীতে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে বিএনপির বহু মানুষের গুম খুনের মতো ঘটনার মধ্য দিয়ে আত্মাহুতির মাধ্যমে ২০২৪ সালের ৫ আগষ্টে শেষ হয়েছে। এখন দেশ গড়ার নতুন প্রত্যয়ে আমাদের এগিয়ে যেতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
সোনালী ব্যাংক বোদা শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল যুবেরী বলেন, "১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের জেড-ফোর্স, কে-ফোর্স সহ অকুতোভয় মুক্তিকামী মানুষকে ধোকা দিয়ে স্বেচ্ছায় বিতর্কিত একজন পাকিস্তান সরকারের কাছে অবরুদ্ধ থাকা ব্যক্তিকে মহানায়ক বানিয়ে পুরো মুক্তিযুদ্ধকেই ছিনতাই করা হয়েছিল। এই সমস্ত অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের ছাত্র জনতার আকাঙ্খিত জুলাই অভ্যুত্থান যেন ছিনতাই না হয়ে যায় সেদিকে সজাগ দৃষ্টি রেখে দলমতের উর্ধ্বে বাংলাদেশকে সর্বাগ্রে রাখতে হবে। আরেক ফাল্গুনে দ্বিগুণ হওয়ার স্পৃহা বিনষ্ট করা যাবেনা। "
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, জুলাই স্পিরিটকে ধারণ করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
পরে, উপজেলা জামে মসজিদ এর ইমাম মাওলানা সোলেমান শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন :