কিশোরদের পড়াশোনায় ফেরাতে শাহরাস্তি থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ০১:৫৭ পিএম

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কিশোরদের অবাধ ঘোরাঘুরি রোধ ও তাদের পড়াশোনায় মনোযোগী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। গত ২৯ এপ্রিল ২০২৬ রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক দিক-নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজ পড়ুয়া ছেলেরা অযাচিতভাবে ঘোরাঘুরি করছে—এমন অভিযোগের প্রেক্ষিতে এই বিশেষ অভিযান শুরু করা হয়। অভিযানের সময় বেশ কিছু শিক্ষার্থীকে উদ্দেশ্যহীনভাবে রাস্তায় অবস্থান করতে দেখা যায়।

এ সময় পুলিশ তাদের সাথে কথা বলে পড়াশোনার গুরুত্ব তুলে ধরে এবং ভবিষ্যৎ জীবনে শিক্ষার বিকল্প নেই—এ বার্তা প্রদান করে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের কাছেও সতর্কতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়, যাতে তারা সন্তানদের প্রতি আরও সচেতন হন। পরে আটক শিক্ষার্থীদের কাউকে হয়রানি না করে মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদের নিজ নিজ পিতা-মাতা বা অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য কোনো শাস্তি প্রদান নয়; বরং কিশোরদের সঠিক পথে পরিচালিত করা এবং তাদেরকে অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা।

এ বিষয়ে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, "তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তারা যেন বিপথে না যায় এবং পড়াশোনায় মনোযোগী হয়—এটাই আমাদের মূল লক্ষ্য। অভিভাবকদেরও এ ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে।"

স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

Link copied!