জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং তীব্র যাত্রী সংকটের কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল মোড় এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাস মালিক ও শ্রমিকরা। পরিবহন পরিচালনার ব্যয় কয়েকগুণ বেড়ে গেলেও কাঙ্ক্ষিত যাত্রী না থাকায় প্রতিদিন লোকসানের বোঝা ভারী হচ্ছে এই খাতের সংশ্লিষ্টদের।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় গাড়ি চালানোর প্রাথমিক খরচ অনেক বেড়ে গেছে। অন্যদিকে, হাটিকুমরুল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলাচলকারী অধিকাংশ বাসই এখন পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না। ফলে অধিকাংশ বাস প্রায় ফাঁকা অবস্থায় গন্তব্যে যাতায়াত করছে। এতে মালিকপক্ষের দৈনিক আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাওয়ায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।
আয় কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ পরিবহন শ্রমিকরা। দৈনিক মজুরি ভিত্তিক কাজ করা চালক ও হেলপারদের আয় অর্ধেকের নিচে নেমে এসেছে। পরিবারের ভরণপোষণ ও সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাঁরা। অনেক শ্রমিক পেশা পরিবর্তনের কথাও ভাবছেন বলে জানা গেছে।
পরিবহন মালিকরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে গাড়ি চালিয়ে তেলের খরচ ও স্টাফদের বেতন তোলা অসম্ভব হয়ে পড়েছে। বাড়ন্ত পরিচালন ব্যয়ের বিপরীতে ভাড়ার সঠিক সমন্বয় না হওয়ায় এই খাত বড় ধরনের ধসের মুখে রয়েছে।
এ অবস্থায় পরিবহন খাতে স্বস্তি ফেরাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, ভাড়া পুনর্নির্ধারণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন হাটিকুমরুল এলাকার পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :