মৌলভীবাজারে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত: তলিয়ে গেছে হাজার হেক্টর বোরো ধান

মোঃ আব্দুস সামাদ আজাদ , মৌলভীবাজার জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ পিএম

মৌলভীবাজারে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোগালিছড়া ও বালিয়াছড়ার বাঁধ ভেঙে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। আকস্মিক এই বন্যায় প্রায় ১ হাজার হেক্টর বোরো ধানসহ বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার হাজারো কৃষক।

সোমবার (২৭ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে কুলাউড়া উপজেলার গোগালিছড়া বাঁধ ভেঙে যায়। এর ফলে সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, মিনারমহল, গাজীপুরসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া জয়চন্ডী ইউনিয়নের বেশ কিছু গ্রামও পানির নিচে তলিয়ে গেছে। এতে প্রায় ১০০ হেক্টর আউশ ক্ষেত, বোরো ধান ও বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে।

কমলগঞ্জ উপজেলার উত্তর বালিগাঁও এলাকায় বালিয়াছড়ার বাঁধ ভেঙে প্রায় ৫০০ হেক্টর বোরো জমি প্লাবিত হয়েছে। ধান কাটার ঠিক আগ মুহূর্তে ফসল তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে হাহাকার বিরাজ করছে। স্থানীয় কৃষকরা জানান, ঋণ নিয়ে চাষাবাদ করে এখন তারা নিঃস্ব হওয়ার পথে। অনেকেই বুকসমান পানিতে নেমে আধা-পাকা ধান কাটার চেষ্টা করছেন। কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. আমিনা বেগম জানান, ছড়াটি দীর্ঘদিন খনন না করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।

এদিকে পাহাড়ি ঢলের পাশাপাশি ভারী বৃষ্টিতে মৌলভীবাজার পৌর এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, শহরের লেইক রোড, সৈয়দ মুজতবা আলী সড়ক, এম সাইফুর রহমান সড়কসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে। এতে প্রায় ৬০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, ড্রেন ও নালা সময়মতো পরিষ্কার না করায় পানি নামতে পারছে না।

মৌলভীবাজার জেলা কৃষি বিভাগ জানিয়েছে, দুই উপজেলা মিলিয়ে প্রায় ১ হাজার হেক্টর ধান তলিয়ে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পৌর প্রশাসক রুবেল আহমদ জানান, ভারী বৃষ্টির কারণে সাময়িক এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পানি নিষ্কাশনে কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Link copied!