কিশোরগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির চেষ্টা: স্বর্ণালঙ্কার ছিনতাই

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৩৮ পিএম

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেত্রাহাটি বেপারি পাড়ায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বাধা দিলে গৃহকর্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নাছিম উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর সহধর্মিণী জানান, তিনি সাধারণত প্রবাসী ছেলের শহরের বাসায় থাকলেও গতকালই গ্রামের বাড়িতে এসেছিলেন। রাত ২টার দিকে তাহাজ্জুদ নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরেই বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় একদল ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁর মুখ চেপে ধরে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চুপ থাকতে বলে।

প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে আশপাশের ঘরের লোকজন দ্রুত ছুটে আসে। গ্রামবাসী জাগ্রত হওয়ার বিষয়টি টের পেয়ে ডাকাত দল তড়িঘড়ি করে পালিয়ে যায়। তবে যাওয়ার সময় ওই নারীর গলা থেকে তাঁর প্রবাসী ছেলের দেওয়া এক ভরির বেশি ওজনের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে কিশোরগঞ্জ মডেল থানার টহলরত এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আলামত সংগ্রহ করেন। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কিশোরগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!