রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ তৎপরতায় উদ্ধার হওয়া ৪৭টি হারানো মোবাইল ফোন অবশেষে ফিরে পেলেন তাদের প্রকৃত মালিকরা। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক
বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মোবাইলগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। তিনি বলেন, “রাজবাড়ী জেলা পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সাইবার অপরাধ দমন এবং মানুষের ভোগান্তি লাঘবে আমাদের এলআইসি (LIC) শাখার দক্ষ সদস্যরা নিরলস কাজ করছেন।”
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর থেকে পুলিশ সুপারের নির্দেশনায় এলআইসি শাখার একটি চৌকস আভিযানিক দল প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। দীর্ঘদিনের প্রচেষ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয় এই ৪৭টি স্মার্টফোন।
উদ্ধারকৃত মোবাইলগুলোর থানা ভিত্তিক পরিসংখ্যান নিচে দেওয়া হলো:রাজবাড়ী সদর থানা: ২১টি, কালুখালী থানা: ০৮টি, গোয়ালন্দ ঘাট থানা: ০৭টি, পাংশা মডেল থানা: ০৭টি ও বালিয়াকান্দি থানা: ০৪টি।
এদিকে হারানো ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। অনেকেই জানান, ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তারা। পুলিশের এমন পেশাদারিত্ব এবং আন্তরিকতায় সাধারণ মানুষের মধ্যে আস্থার জায়গা আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :